মোংলা বন্দর আধুনিকায়নে চীনের সঙ্গে সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণচুক্তি সই
মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ। এর আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কন্টেইনার টার্মিনালও নির্মাণ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ২ দশমিক ৪০৪ বিলিয়ন আরএমবি বা ৩ হাজার ৫৯২ দশমিক ৯০ কোটি টাকার ঋণ চুক্তিটি সই হয়েছে।
মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের অধীনে বন্দর কর্তৃপক্ষ দুটি কনটেইনার টার্মিনাল, একটি কনটেইনার ইয়ার্ড, একটি কনটেইনার ডেলিভারি ইয়ার্ড এবং একটি কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করবে। একই সঙ্গে বন্দরের প্রয়োজনীয় আধুনিকায়নও করা হবে।
চুক্তি অনুযায়ী, চীন সরকার এই প্রকল্পের জন্য ২ শতাংশ সুদে সহজ শর্তে ঋণ দেবে। এই ঋণের মেয়াদ ২০ বছর, যার মধ্যে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড রয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে তাদের সহকারী মহাব্যবস্থাপক ফেংজুন তিয়ান চুক্তিতে সই করেন।