মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, অন্তত ৩০ জনের মৃত্যু
ভারতের মুম্বাই শহরের চেম্বার ও ভিখরোলি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।
কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, রোববার ভোরে ভিখরোলি এলাকায় একটি আবাসিক ভবন ধসে তিন জন মারা গেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, চেম্বুরের ভারত নগর থেকে ১৫ জন এবং ভিখরোলির সূর্য নগর এলাকা থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আশেপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, দুটি এলাকায় এখনও উদ্ধার অভিযান চলছে। অনেকেই সেখানে আটকা আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মুম্বাইয়ের আন্তঃশহর রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
এদিকে, ভারত আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, মুম্বাইয়ে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।