লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে ২ দিনের রাষ্ট্রীয় শোক
কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের সরকার।
আজ রোববার রাষ্ট্রীয় বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রবাদপ্রতিম এই গায়িকার প্রতি শ্রদ্ধার শেষ চিহ্ন হিসেবে আগামী ২ দিন ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়েছে।
লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে ভারতসহ গোটা বিশ্বে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে বলেছেন, 'আগামী প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন বলিষ্ঠ ধারক হিসেবে মনে রাখবে, যার সুরেলা কণ্ঠ মানুষকে মন্ত্রমুগ্ধ করার অতুলনীয় ক্ষমতা ছিল।'
একেরপর এক টুইটে মোদি বলেছেন, 'লতা দিদির গান বিভিন্ন ধরনের আবেগ নিয়ে এসেছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তন ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন। চলচ্চিত্রের বাইরেও তিনি সর্বদা ভারতের উন্নয়নের প্রতি আগ্রহী ছিলেন। তিনি সর্বদা একটি শক্তিশালী এবং উন্নত ভারত দেখতে চেয়েছিলেন।'
'দয়াবান ও যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের দেশে এমন একটি শূন্যতা রেখে গেছেন, যা পূরণ হওয়ার নয়', যোগ করেন মোদি।
মোদি আরও বলেন, 'আমি শোকে বাকরুদ্ধ।'