৪ ঘণ্টায় ওমিক্রন শনাক্তের টেস্ট কিটের অনুমোদন ভারতে

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি

৪ ঘণ্টায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করতে একটি টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

ওমিক্রন-শনাক্তকারী এই আরটিপিসিআর কিটটি আইসিএমআরের সহযোগিতায় উৎপাদন করছে টাটা মেডিকেল অ্যান্ড ডায়গনোস্টিক।

এটি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার অনুমোদনও পেয়েছে।

আইসিএমআরের মহাপরিচালক বলরাম ভার্গব আজ বুধবার দিল্লিতে সাংবাদিকদের জানান, সময়-সাপেক্ষ জিনোম সিকোয়েন্সিংয়ের সময় কমিয়ে এই টেস্ট কিটটি ৪ ঘণ্টার মধ্যে ফল জানাবে।

গত ৩১ ডিসেম্বর আইসিএমআর এর অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

টেস্ট কিটটি রিয়েল-টাইম পিসিআর মেশিনের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

টাটা এমডির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান রাভি ভাসান্থাপুরাম বলেন, এই কিটটি ওমিক্রন ভেরিয়েন্টের পাশাপাশি এখনও পর্যন্ত করোনার অন্যান্য যত ভ্যারিয়েন্টের কথা জানা গেছে তা শনাক্ত করতে পারে। বর্তমানে, ওমিক্রন রোগীদের জিনোম সিকোয়েন্সিংয়ের পরেই তা শনাক্ত করা হয়। কিন্তু এই টেস্ট কিট সেই ধাপ দূর করতে সাহায্য করতে পারে।

তিনি জানান, এই টেস্ট কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয় ৮৫ মিনিটে। আর নমুনা সংগ্রহ এবং আরএনএ আলাদাকরণসহ ফলাফল দিতে সময় লাগে ১৩০ মিনিট।

ওমিক্রন টেস্টিং কিটের ছাড়পত্র এমন এক দিনে দেওয়া হলো যেদিন ভারতে ওমিক্রনে সংক্রমিত হয়ে একজন মারা গেছেন এবং দেশটি ঘোষণা করেছে যে করোনার নতুন এই ধরনটি ডেল্টার চেয়েও প্রভাবশালী স্ট্রেইনে রূপ নিয়েছে।