অনিয়মের দায়ে ডিএনসিসির রেভিনিউ সুপারভাইজার চাকরিচ্যুত

স্টার অনলাইন রিপোর্ট

আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-১০ এর রেভিনিউ সুপারভাইজার মোহাম্মদ আব্বাছ আলীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গণমাধ্যমের একটি ভিডিও ফুটেজে রেভিনিউ সুপারভাইজারকে গ্রাহককে অনৈতিক সুবিধা দেওয়া ও নিজে লাভবান হওয়ার বিষয়টি স্বীকার করে নিতে দেখা গেছে।

এ বিষয়ে অঞ্চল ১০ এর নির্বাহী কর্মকর্তার কাছে তার দেওয়া মৌখিক ও লিখিত বক্তব্য সন্তোষজনক হয়নি।

ডিএনসিসি জানায়, ওই কর্মকর্তা বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী কার্যকলাপে জড়িত হয়েছেন।

জনস্বার্থ ও করপোরেশনের স্বার্থ রক্ষায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।