ভেজাল সিরাপে মৃত্যু: ১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ করে টাকা দেওয়ার নির্দেশ
ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ১৯৯১ ও ২০০৯ সালে মারা যাওয়া ১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়।
রিট পিটিশনের রায় দেওয়ার সময়, ভুক্তভোগী পরিবারকে অর্থ প্রদানের পর ভেজাল প্যারাসিটামল সিরাপ উৎপাদনের জন্য দায়ী কোম্পানি বা ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য ঔষধ প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর শিশুদের মৃত্যুর ঘটনার দায় এড়াতে পারে না।
হাইকোর্ট সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ক্ষমতা আইনের ধারার অধীনে দায়ী কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা রিট আবেদনের ভিত্তিতে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ও পর্যবেক্ষণ দেন।
পিটিশনকারীর আইনজীবী মনজিল মুরশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে ১৯৯১ সালে ৭৯ শিশু এবং ২০০৯ সালে ২৮ শিশু মারা গেছে।
তিনি বলেন, 'হাইকোর্টের রায় পাওয়ার পরপরই ঔষধ প্রশাসন অধিদপ্তর ১৯৯১ ও ২০০৯ সালে বিষাক্ত প্যারাসিটামল খেয়ে মারা যাওয়া ১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ করে টাকা দেবে।'