ইউনিয়ন পরিষদ নির্বাচন

হাজতে থেকেই নৌকার প্রতীক পেলেন ধর্ষণ মামলার আসামি

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্ষণের অভিযোগে কারাবন্দি এক আসামি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন পাওয়া মীর লিয়াকত আলী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

গতকাল মঙ্গলবার চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। এতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর লিয়াকত আলীর নাম আছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালের নভেম্বরে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে লিয়াকত আলীর বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, লিয়াকত আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোলা ইউনিয়ন থেকে নৌকার মনোনয়নের জন্য ৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান মীর লিয়াকত আলী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হয়েছেন।'

তিনি আরও বলেন, 'জেলে থেকেই তিনি মনোনয়নের জন্য আবেদন করেন। লিয়াকত আলী ধর্ষণ মামলার আসামি ও জেলে আছেন। তবে এ মামলাটি মিথ্যা। সাধারণ ভোটাররা তার ওপর অসন্তুষ্ট নন বরং তার প্রতি সহানুভূতি আছে।'

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মনোনয়ন আবেদন ফরমে লিয়াকত আলী ধর্ষণ মামলার আসামি ও জেলে আছেন উল্লেখ করে পাঠানো হয়েছিল কেন্দ্রে। তার বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু তিনি সাজাপ্রাপ্ত নন, বর্তমান চেয়ারম্যান। মামলায় দোষী সাব্যস্ত না হলে তাকে মনোনয়ন দেওয়া যায়। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রেও কোনো বাধা নেই।'

মীর লিয়াকত আলীর ছোট ভাই জুয়েল মীর সাংবাদিকদের কাছে দাবি করে বলেন, 'মীর লিয়াকত আলী বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। তিনি কথা বলতে পারছেন না। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুত সুস্থ হয়ে এলাকায় আসবেন।'

আগামী ২৬ ডিসেম্বর সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা আছে।