অবসর-পরবর্তী সুবিধার দাবিতে সারা দেশে রেল চলাচল বন্ধ
আগের মতো অবসর-পরবর্তী সুবিধার দাবিতে রেলওয়ের রানিং স্টাফরা সারা দেশে রেল চলাচল বন্ধ রেখেছেন।
আজ বুধবার ভোরে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রেলওয়ের রানিং স্টাফরা অবসরকালীন সুবিধার সঙ্গে ৭৫ শতাংশ রানিং অ্যালাউন্সের দাবিতে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন।
গত বছর সরকার রেলওয়ের রানিং স্টাফদের অবসর-পরবর্তী ৭৫ শতাংশ রানিং অ্যালাউন্স বন্ধ করে দেয়।
তিনি আরও বলেন, 'ভোর সাড়ে ৫টার দিকে সংবাদটি জানার পর ৬টার দিকে স্টেশনে গিয়ে দেখি সব ট্রেন চলাচল বন্ধ আছে।'
ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন বলে জানান তিনি।