অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম কুমার সরকারকে (৩৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৯টার দিকে সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত উত্তম কুমার সরকার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক ডেইলি স্টারকে জানান, 'সোমবার রাতে সুন্দলী বাজার থেকে বাড়িতে ফেরার পথে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে সন্ত্রাসীরা তার গতিরোধ করে এবং বুকে গুলি করে।'

গুলির শব্দে গ্রামবাসীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

পুলিশ পরিদর্শক মিলন কুমার জানান, ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন উত্তম সরকার।