অসুস্থ হয়ে হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন
তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে ফ্লাইটে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর অসুস্থ বোধ করলে, বিকেল ৩টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তার বিশ্রামের প্রয়োজন বলে ডাক্তার পরামর্শ দিয়েছেন।'
সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-জার্মান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু, তিনি উপস্থিত হতে পারেননি।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখান থেকে আনাতোলিয়া কূটনীতি ফোরামে যোগ দিতে ১১ মার্চ তুরস্কে যান।
টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, অল্প সময়ে অনেকগুলো জায়গায় ভ্রমণ করায় তিনি হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন।