বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন মাইক্রোবাসে, কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অতিথিদের বহনকারী একটি মাইক্রোবাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় কনের ভাই ও বোনসহ চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

আজ রোববার রাত ২টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা ক্রসিং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নিয়াজ মোরশেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না। তাদের সবার বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়।

নিহত ফেরদৌস আলমের ছেলে তারেক মাহমুদ মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

তিনি বলেন, অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন দুটি মাইক্রোবাসে করে কক্সবাজারের বাড়িতে ফিরছিলেন। পথে কনের বাবা-মা, ভাই-বোন ও তার (তারেকের) বাবা-মা বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, পটিয়া-আনোয়ারা ক্রসিংয়ের কাছে কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে ইউ-টার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

ওসি জানান, ফেরদৌস আলম ও মিমতাহ ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত অন্য সাত যাত্রীকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।