আগামী ২ ঘণ্টা ঢাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে
রাজধানী ঢাকায় বজ্রপাত ও বজ্রঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের স্থায়িত্ব সাধারণত আধা ঘণ্টা থেকে ২ ঘণ্টার মধ্যে হয়ে থাকে। বজ্রমেঘ পূর্ব দিকে সরে যাচ্ছে এবং আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হয়ে তা দুর্বল হয়ে যেতে পারে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, 'এই ঝড় স্বল্প সময়ের জন্য হলেও তা তীব্র হয়। ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়। ঢাকায় আগামী ২ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে, ২২-৪৪ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ও ৪৪-৮৮ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতকে ভারী বৃষ্টিপাত ধরা হয়। ঢাকায় এই ধরনের বৃষ্টিপাত হতে পারে।'
এ সময় ঘরে থাকা সবচেয়ে নিরাপদ উল্লেখ করে ড. মল্লিক আরও বলেন, 'যেহেতু বজ্রপাত হচ্ছে তাই এ সময় ঝড়ো বাতাস থাকে। এ সময় বড় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়ানো যাবে না। খোলা মাঠে অবস্থান করলে পায়ের বৃদ্ধা আঙুলের ওপর ভর করে গুটিসুটি হয়ে বসে থাকতে হবে।'
আজ ভোর ৬টা ৪৬ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। আগারগাঁও এলাকায় প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৫৫ কিলোমিটার। এ ছাড়াও, রাজধানীতে আজ সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আজ ভোররাত ৩টা থেকে ভোর ৪টায় পর্যন্ত সবচেয়ে প্রবল ঝড় বয়ে গেছে রংপুরে। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।