আজকের বাংলাদেশ হতদরিদ্রের দেশ নয়: এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আজকের বাংলাদেশ হতদরিদ্রের দেশ নয়। আজকের বাংলাদেশ মিসকিনের দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়।
এর পেছনে বর্তমান সরকারের অবদান তুলে ধরতে গিয়ে তিনি বলেন, 'আওয়ামীলীগ ক্ষমতায় আসার ফলে বিদ্যুৎ যায় না। আজকে সারা বাংলাদেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। বিদ্যুৎ শুধু বাতি জ্বানানো কিংবা ফ্যান চালানো হয় না। এর মাধ্যমে গ্রাম-গঞ্জের ছেলে-মেয়েরা মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হয়ে জ্ঞান গরিমায় সমৃদ্ধ হতে পেরেছে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের (আর্ট কলেজ) নবনির্মিত তিন তলা ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, 'নারায়ণগঞ্জে আইনের শাসন কায়েম করতে হবে। ফুটপাতে পথচারীদের চলার ব্যবস্থা করে দিতে হবে। রাস্তায় গাড়ি চলার ব্যবস্থা করে দিতে হবে। সেখানে দায়িত্ব নিতে হবে জেলা প্রশাসন ও পুলিশসহ সবাইকে। জনপ্রতিনিধিরা নীতি প্রণয়ন করবেন। পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কিন্তু সেক্ষেত্রে সব নির্বাচিত কাউন্সিলরদের প্রশাসনের সঙ্গে অবশ্যই থাকতে হবে।'
আজ সকাল ১১টায় নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন নগর ভবনে আসেন তাজুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
তিনি দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত নগর ভবনের সম্মেলন কক্ষে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও কাউন্সিলরদের সঙ্গে মতিবিনময় করেন।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, 'প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধি উভয় দেশের নাগরিক। আমি মন্ত্রী, আরেকজন রিকশাওয়ালাও কিন্তু এ দেশের নাগরিক। আপনি কাউন্সিলর, মেয়র, সচিব, ডিসি, এসপিও নাগরিক। সবাই কিন্তু দেশের নাগরিক। অতএব দেশটার উন্নতি হলে সুবিধা আপনি পাবেন, আমি পাব, সবাই পাবে। অতএব দেশটার জন্য আমরা সবাই সম্মেলিত ভাবে কাজ করব। আমি বিশ্বাস করি সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হবে।'
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।