কোনো একদিন কারো বিপক্ষে ৭ গোল করব: রিয়াল কোচ মরিনহো
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের পারফরম্যান্স দেখে যারপরনাই খুশি দলটির কোচ জোসে মরিনহো। সামনে কোনো একটি ম্যাচে প্রতিপক্ষের জালে সাত গোল দেওয়া কেবল সময়ের ব্যাপার বলে মনে করেন তিনি।
টানা তিন জয়ের পর চলতি মাসের শুরুতে লা লিগায় রিয়াল বেতিসের কাছে হেরে গিয়েছিল রিয়াল। সেই ধাক্কা সামলে গতকাল শনিবার রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে তারা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। লস ব্লাঙ্কোদের বাকি দুই গোলদাতা আলভারো কারেরাস ও জুড বেলিংহাম।
পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে রিয়ালের নেওয়া ২৪টি শটের ১১টিই ছিল লক্ষ্যে। বিপরীতে, রায়ো ১৮টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে সাতটি। লা লিগায় এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে গড়ে ৯.২টি শট লক্ষ্যে রেখেছে রিয়াল। এই তালিকায় তাদের অবস্থান আসরের ২০টি দলের মধ্যে শীর্ষে।
দাপুটে জয়ের পর রিয়ালের পর্তুগিজ কোচ মরিনহো সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি, আবার অনেক সুযোগ নষ্টও করেছি। আমি আমার দলকে কেবল একটা কথাই বলেছি যে, কোনো একদিন কোনো এক হতভাগা দলকে আমাদের হাতছাড়া হওয়া এসব সুযোগের মাশুল গুণতে হবে। কোনো একদিন আমরা কারো বিপক্ষে ঠিকই সাত গোল করে বসব।’
নিজেদের খেলার কৌশল তুলে ধরেন কৌশল নিয়ে ইন্টার মিলান, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ, ‘দল হিসেবে আমরা খুব সরাসরি (ভার্টিক্যাল) খেলি। আক্রমণে আমরা রীতিমতো উন্মত্ত ও অপ্রতিরোধ্য। আমরা লম্বা সময় ধরে বল পায়ে রাখি না।’
৬৩ বছর বয়সী এই কোচ যোগ করেন, ‘বল কেড়ে নেওয়ার পর আমরা সোজা আক্রমণে উঠে যাই। তাতে গোল হোক বা বল হাতছাড়া হোক। সব সময় হাই প্রেস করা সম্ভব হয় না। তবে এই কাজটা আমি ভীষণ পছন্দ করি। প্রতিপক্ষ আপনাকে বিপদে ফেলবে, এটাই স্বাভাবিক। তবে এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও প্রাপ্য জয় ছিল।’
পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রয়েছে বার্সেলোনা। গত দুইবারের লিগ চ্যাম্পিয়নরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
