আমির হামজাকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারের নতুন তালিকা প্রকাশ
চলতি বছর স্বাধীনতা পুরস্কারে মনোনীত মো. আমির হামজার (মরণোত্তর) পুরস্কার বাতিল করেছে সরকার। আজ শুক্রবার তার নাম বাদ দিয়ে পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা প্রকাশ করেছ মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে গত মঙ্গলবার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ প্রকাশিত তালিকায় মো. আমির হামজার নাম বাদ দিয়ে ওই তালিকার বাকি ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।
স্বাধীনতা পুরস্কার-২০২২ তালিকায় আমির হামজার নাম থাকায় এ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা তৈরি হয়।
এর পরেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আজ তার নাম বাতিলের সিদ্ধান্ত জানানো হলো।
তার বিরুদ্ধে ৪৪ বছর আগে সংঘটিত একটি হত্যা মামলা ছিল। ১৯৭৮ সালে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। মামলার রায়ে আমির হামজাসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
নতুন ঘোষণা অনুযায়ী পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন— স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, প্রয়াত মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক।
চিকিৎসাবিদ্যায় পুরস্কার পাচ্ছেন, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম, স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
গবেষণা ও প্রশিক্ষণে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)।
