আশুলিয়ায় কারখানা থেকে ম্যানেজারের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ায় একটি কারখানা থেকে সাইফুর রহমান (৩৩) নামে কারখানাটির ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়ায় বাগদাদ প্যাকেজিং কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইফুর রহমান কারখানাটিতে প্রায় ৪ বছর ধরে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করে আসছিলেন এবং কারখানা মালিকের ভাগিনা বলে জানা গেছে।

তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়ায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, সাইফুর কারখানার ভেতরেই একটি রুমে থাকতেন। দুপুরে শ্রমিকেরা পুলিশকে খবর দিলে কারখানার ওই রুমের দরজা কেটে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।