ইটভাটায় ক্ষতিগ্রস্ত ধান হাতে ইউএনও কার্যালয়ে কৃষক
ঢাকার ধামরাইয়ে ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত ধান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের সামনে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এসময় তারা ইউএনওকে লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ রোববার সকালে গাঙ্গুটিয়া ও কুশুরা ইউনিয়নের বিভিন্ন মৌজা থেকে কৃষকরা ধান হাতে মিছিল নিয়ে হাজির হন। এ সময় তারা ইউএনওর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
কৃষকরা জানান, উপজেলার বৈংখতলা এলাকার নূর ব্রিকস , দুর্গাপুর গড়াইল এলাকার খান ব্রিকস, মদিনা ব্রিকস ও জালস্যা এলাকার রাহাত ব্রিকসের চিমনির বিষাক্ত ধোঁয়ায় কয়েকটি গ্রামের মৌসুমি ইরিধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে শত শত কৃষক ক্ষতির মুখে পরেছেন। ক্ষতিপূরণের দাবিতে ইউএনওর কার্যালয়ে যান তারা।
জানতে চাইলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি দ্য ডেইলি স্টারকে বলেন, এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। কৃষকদের কী পরিমান ক্ষতি হয়েছে তা নির্ধারণের জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, চলতি বছর সাভার ও ধামরাইয়ে কয়েক ধাপে অবৈধ ইট ভাটাগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ইটভাটা গুড়িয়ে দেয়াসহ জরিমানা করা হয়েছে। যে চারটি ভাটার কারনে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে হবে সেগুলো অবৈধ কিনা অবৈধ হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।