ঈদের সকালে কালবৈশাখীর হানা, আকাশ মেঘলা থাকবে সারা দিন

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকাসহ সারা দেশে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে কোথাও কোথাও বয়ে গেছে কালবৈশাখী ঝড়।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘণ্টায় ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীবাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে সেটা কালবৈশাখী। সারা দেশেই কালবৈশাখীর কারণে বৃষ্টি হচ্ছে। ঢাকায় আরও ১ থেকে দেড় ঘণ্টা বৃষ্টি হতে পারে। এখন ধীরে ধীরে বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, যশোরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলেও ঢাকাসহ দেশের আকাশ সারা দিন মেঘলা থাকবে, বলেন বজলুর রশিদ।

আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

বৃষ্টি নামলেও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদ জামাতে কোনো বিঘ্ন ঘটেনি। সেখানে উপস্থিত দ্য ডেইলি স্টার'র আলোকচিত্রী জানান, ঈদের জামাত শেষ হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়েছে।