একটি প্রেমের গল্পের মর্মান্তিক সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাসপাতালের কেবিনে বিয়ে করা চট্টগ্রামের ফাহমিদা কামাল শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হার মেনেছেন। এর মধ্য দিয়েই মর্মান্তিক সমাপ্তি হয়েছে একটি  দারুন প্রেমের গল্পের।

এখান থেকে ১১ দিন আগে ফাহমিদা নাকে অক্সিজেন পাইপ লাগানো অবস্থায় লাল শাড়ি পড়ে হাসপাতালের কেবিনেই বিয়ে করেছিলেন প্রেমিক মাহমুদুল হাসানকে। সেই প্রেমিক পুরুষ, ভালোবাসার এই জগৎ-সংসার ছেড়ে ফাহমিদা আজ পাড়ি জমিয়েছেন অন্য কোনো ভূ্বনে।

ফাহমিদার চাচা মো. ইউসুফ দ্য ডেইলি স্টারকে জানান, আজ রোববার সকাল সাড়ে ৭টায় ফাহমিদা বন্দর নগরীর একটি হাসপাতালে মারা যান।

ফাহমিদা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছিলেন। প্রেমিক মাহমুদুল হাসানের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ছিল তার। ২০২০ সালের শেষ দিকে তাদের বিয়ের কথাও পাকা হয়।

এ অবস্থায় গত বছরের জানুয়ারি মাসে ফাহমিদার ক্যান্সার ধরা পড়ে। এর পর থেকেই চলছিল এই মারণ রোগের সঙ্গে ফাহমিদার লড়াই।

এর মধ্যেই ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা মাহমুদুল ফাহমিদার ইচ্ছা পূরণ করতে তাকে বিয়ের সিদ্ধান্ত নেন। গত ৯ মার্চ হাসপাতালের কেবিনেই বিয়ে হয় ফাহমিদা-মাহমুদুলের।