এডিস মশা নিধনে ১০ মে থেকে ৩ দিনব্যাপী ডিএসসিসির অভিযান
এডিস মশার বিস্তার রোধ করতে ঝুঁকিপূর্ণ ৭টি ওয়ার্ডে আগামী ১০ মে থেকে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ রোববার ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস নগর ভবনে নিয়মিত পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ অভিযান পরিচালনার নির্দেশ দেন।
তাপস বলেন, 'বর্ষা শুরু হওয়ার আগেই এডিস মশার প্রজনন বেড়ে যায়। আমাদের ৭টি ওয়ার্ডে মশা নিধন অভিযানের ওপর জোর দিতে হবে। এগুলোকে স্বাস্থ্য অধিদপ্তর উচ্চ ঝুঁকিপূর্ণ ও মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। অভিযানের অংশ হিসেবে আমরা ১০ মে থেকে ১২ মে চিরুনি অভিযান পরিচালনা করব।'
জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি মেয়র বলেন, 'ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজনন উৎস ধ্বংস করা খুবই জরুরি। বাড়ির আঙিনা ও আশেপাশের জায়গার পাশাপাশি এডিস মশা ঘরেও জন্ম নিতে পারে। তাই জনগণের সচেতনতার বিকল্প নেই।'
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক-বর্ষা জরিপ অনুসারে, এডিস মশার প্রজননের ক্ষেত্রে ডিএসসিসির ৩৮, ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড উচ্চ ঝুঁকিতে আছে। ১৩,১৫,২১ ও ২৩ নম্বর ওয়ার্ড মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা।
বিশেষ অভিযানে প্রতি ওয়ার্ডে ২৬ জন করে মশা নিয়ন্ত্রণ কর্মী অংশ নেবেন।