ওভারনাইট সব জায়গায় সুবিধা পৌঁছে দিতে পারবো না: স্থানীয় সরকারমন্ত্রী
সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন গড়ে তোলা হবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ রোববার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, একটি কমপ্রিহেনসিভ অ্যারেঞ্জমেন্ট লাগবে—কতটুকু রাস্তা লাগবে, কতটুকু খেলাম মাঠ লাগবে, ওয়াটার বডি লাগবে। আমি যখন ডিটেইল এরিয়া প্ল্যান করতে যাই, তখন অনেকের অনেক কথা শুনতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। ঢাকায় ৬ শতাংশ জায়গা আছে রাস্তার জন্য। ঘর করছে, সব জায়গা থাকার জন্য করতে চাচ্ছে। স্কুল কোথায় হবে এটা ঠিক করতে হবে, আবাসন সব জায়গায় লাগবে না। কোনো দায়িত্ব নেব না কিন্তু কথা এমনভাবে বলবো যে, শেষ পর্যন্ত ঢাকা শহরে বাংলাদেশের সব মানুষ এসে থাকবে। প্রতিদিন ৫ হাজার লোক ঢাকায় আসে। এখানে সুবিধা আছে। আমি তো ওভার নাইট সারা বাংলাদেশের সব জায়গায় সুবিধা পৌঁছে দিতে পারবো না।
তিনি বলেন, গত ১৩ বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ার কারণে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। অনেক স্কুল হয়েছে। স্বাস্থ্য সেবার সুযোগ বেড়েছে। সারা পৃথিবী যেটা করে, তারা শহরে বসবাস করার ক্ষেত্রে ট্যারিফ ইন্টারভেনশন করেছে। গ্রামে যদি হোল্ডিং ট্যাক্স হয় ৫০ টাকা, এখানে ৫ হাজার টাকা করে দেন। যাত্রাবাড়ীতে যদি ২০ টাকা হয়, গুলশানে ৫০০ টাকা করে দেন। আমি বলি, আর কেউ কথা বলে না। আমাদের ইন্টারভেনশন করতে হবে, দূরে থাকলে ফ্যাসিলিটি দিতে হবে। সেখানে বিদ্যুতের দাম কমিয়ে দেন।
গ্রামে যে পারছে বাড়ি বানাচ্ছে। আমি কিছু দিন আগে সংসদে বলেছিলাম গ্রামেও ট্রাফিক জ্যাম হবে। এখন থেকে আমাদের সতর্ক হতে হবে, গ্রামকে সেভাবে গড়তে হবে। আরেকটা বিষয় হলো আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, উন্নতি হলে মানুষ গাড়ি-ঘোড়া কিনবে। আমি যখন নির্বাচন করি, তখন আমারটা ছাড়া আর গাড়ি দেখিনি। এখন যখন গ্রামে যাই, কিছুক্ষণ পর পর একটা করে গাড়ি ক্রস করে। গ্রামে যারা বাস করে, তার জমি আছে সে যেখানে-সেখানে বাড়ি করে ফেলবে—প্রশ্ন রাখেন তাজুল ইসলাম।