কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন সেনাপ্রধানের
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শনিবার দুপুরে কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্তদের বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপির জানায়, বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে। সেনাপ্রধান সরেজমিনে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রকল্প পরিদর্শন শেষে সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। নিযুক্ত ঠিকাদারদের কোনো রকম গাফিলতি কিংবা নির্ধারিত সময়ে কাজ বুঝিয়ে দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সেনাপ্রধান বলেন, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩৮০৮টি পরিবারকে পুনর্বাসন করা এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে পাইল ফাউন্ডেশন দিয়ে ১১৯টি ৫তলা ভবন নির্মাণ অন্যতম। এ ছাড়াও এই প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, খেলার মাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা থাকবে। ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যায়।