কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত সময়ের মধ্যে চালু করার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত কক্সবাজারের চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অব কক্সবাজার নামের একটি সংগঠনের মিলন মেলায় এই দাবি জানানো হয়।

কক্সবাজারের চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ২০০৮ সালে চালু হয়। কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল এখনো চালু করতে না পারা দুঃখজনক। এটি চালু হলে কক্সবাজারবাসির চিকিৎসা পাওয়াটা সহজ হবে।

ঈদের দ্বিতীয় দিন কক্সবাজারের একটি অভিজাত হোটেল সম্মেলন কক্ষে দিনব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়। সেখানে কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কক্সবাজারের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তারা বলেন, বাংলাদেশের অনেক জেলায় কক্সবাজারের লোকজন চিকিৎসক হিসেবে দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে বিদেশেও চিকিৎসক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে। ফলে এ জেলার মানুষ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হন তার জন্য তারা অঙ্গিকারবদ্ধ।

মিলন মেলায় করোনায় আক্রান্ত হয়ে নিহত কক্সবাজারের চিকিৎসকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

চার শতাধিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীর মিলন মেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সায়মুম সারওয়ার কমল, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিএমএ কক্সবাজার জেলা শাখার সভাপতি ডা. পুচনু।

চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখে চট্রগ্রাম মেডিকেল কলেজের পেডিয়াট্রিক অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) ডা. মেজবাহ উদ্দিন, বিএমএ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কক্সবাজার জেলা শাখার সভাপতি ডা. ইফতেখার উদ্দিন কুতুবী, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: বিধান পাল প্রমূভ।

উপস্থিত চিকিৎসক এবং শিক্ষার্থী কক্সবাজারে বসে সব জটিল রোগের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় যন্ত্রসহ সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।