কাপ্তাই হ্রদে আজ থেকে ৩ মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা
দেশের বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আগামী ৩ মাস মাছ ধরা, আহরণ, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আজ রোববার রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন এবং পোনা মাছের বৃদ্ধির লক্ষ্যে সাধারণত প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩ মাস মাছ ধরা বন্ধ থাকে।
জেলা প্রশাসন সূত্রে জানায়, কাপ্তাই হ্রদে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করেন, এমন ২৫ হাজার জেলে পরিবারকে এই ৩ মাস বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাধ্যমে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হবে।
মাছ শিকার বন্ধে নৌ পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ টিম কাজ করে যাবে।
এ সময় কাপ্তাই হ্রদ থেকে কেউ ধরলে অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে।