চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটার মাটিতে স্ট্রবেরি চাষ
চাঁদপুরের পরিত্যক্ত ইটভাটার বালু মাটিতে উন্নত জাতের স্ট্রবেরির চাষ হচ্ছে। পরীক্ষামুলক ভাবে প্রায় ২ শতাংশ জমির উপর পকেট তৈরি করে ওজার্ক বিউটি নামক স্ট্রবেরির ব্যাপক ফলন হয়েছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষকৃত এই স্ট্রবেরি আকারে বড় ও লম্বাটে।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামের পরিত্যক্ত ইটভাটায় বালু ভরাট করে সুস্বাদু অন্যান্য বিদেশি রসালো ফলের পাশাপাশি এবার স্ট্রবেরি চাষ শুরু করেন উদ্যোক্তা হেলাল উদ্দিন। যেটি এখন ফ্রুটস্ ভ্যালি এ্যাগ্রো নাম অনেকের কাছে পরিচিত হয়ে উঠেছে।
২০২০ সাল থেকে পরীক্ষামূলক বিভিন্ন প্রজাতির ফলের চাষাবাদ শুরু করেন তিনি। এখন একজন আলোচিত সৌখিন কৃষক বা উদ্যোক্তার পরিচয় বহন করছেন।
হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, গত বছর ফ্রুটস্ ভ্যালিতে আমেরিকান ৩টি জাতের স্ট্রবেরির চাষ করেন। কিন্তু আবহাওয়ার প্রতিকূলতার কারণে তা আর সফলতার মুখ দেখেনি। তবে এ বছর ওজার্ক বিউটি নামের সম্পূর্ণ নতুন জাতের স্ট্রবেরি চাষে ব্যাপক ফলন হয়েছে বলে তার দাবি। তার প্রতিটি গাছে অন্তত এক কেজি করে স্ট্রবেরির ফলন হয়েছে। কিন্তু এগুলো বাণিজ্যিকভাবে বাজারজাত করছেন না।
স্ট্রবেরি চাষে দেখতে আসা শওকত আলী আখন্দ বলেন, চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে একটি ইটভাটায় স্ট্রবেরিসহ এমন নানা ধরনের রসালো বিদেশী ফল চাষ করে হেলাল উদ্দিন সবার চোখ খুলে দিয়েছেন। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর পাড়ে এমন বহু জায়গা রয়েছে। এ ধরনের চাষে এখন সবাই আগ্রহ প্রকাশ করবেন।
চাঁদপুর সদর উপজেলার উপ-সহকারী কৃষিকর্মকর্তা নরেশ চন্দ্র দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'চাঁদপুরে চাষকৃত ওজার্ক বিউটি স্ট্রবেরি দেশে আশার আলো দেখাচ্ছে। কারণ এই স্ট্রবেরি সুগন্ধিযুক্ত, সুস্বাদু ও রসালো, সাইজেও বড় ও লম্বাটে। দেখতেও চমৎকার। আমদানিকৃত যেকোনো জাতের স্ট্রবেরিকে হার মানাবে। বিশেষ করে বালু মাটিতে স্ট্রবেরি চাষ হয় সেটা প্রমাণ করে দিয়েছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন। আমরা এখন এটি সারাদেশে চাষের প্রস্তাব করবো। কারণ এর চাষে অল্প খরচ। ফলন বেশি, লাভও বেশি হয়।'