কুমিল্লায় কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা এলাকায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে তাকে আটক করা হয় বলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজউদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই এলাকার গতকাল বিকেলের একটি সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে একজনকে দেখা যায়। এর ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
সোয়া ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম।
আজ শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম জানান, অপ্রতিমের সঙ্গে একটি আইফোন ছিল। নিখোঁজ হওয়ার পর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, অপ্রতিম কোটবাড়ি এলাকা খুব ভালোভাবে চেনে এবং এখানেই বড় হয়েছে। সে একা চলাফেরা করতে পারে। তাই সাধারণভাবে পথ হারিয়ে তার নিখোঁজ হওয়ার কথা নয়।
অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ছেলেকে ফোনের জন্য হত্যা করা হয়েছে।'
কুমিল্লাতে অপ্রতিমের দাফনের পর মামলা করা হবে বলে জানান তিনি।
