চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম-লিচুর ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার কিছু এলাকায় রোববার রাতে শিলাবৃষ্টিতে আমসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় জেলার সদর উপজেলায় ২০ মিলিমিটার ও শিবগঞ্জ উপজেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় শিলাবৃষ্টিও হয়।

তিনি আরও জানান, শিলাবৃষ্টিতে আমের কিছুটা ক্ষতি হয়েছে। এছাড়া ভুট্টা, লিচু ও ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এখনো ক্ষতির সঠিক পরিমাণ বের করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মাঠ কর্মীরা কাজ করছেন।

এই কৃষি কর্মকর্তা বলেন, 'জেলার সদর উপজেলার পৌর এলাকা, সুন্দরপুর, চরবাগডাঙ্গা, ইসলামপুর, মহারাজপুর, বালিয়াডাঙ্গা ইউনিয়নসহ অনেক জায়গায় শিলাবৃষ্টির কারণে আমসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এ ছাড়া, শিবগঞ্জ উপজেলার পৌর এলাকা, ছত্রাজিতপুর, নয়ালাভাংগা, মনাকষা ইউনিয়নসহ আমসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, 'কিছু আম শিলার আঘাতে ঝরে পড়েছে। আর যেগুলোতে আঘাত লেগেছে সেগুলো পচে যাবে। তবে, উৎপাদনে তেমন প্রভাব পড়বে না।'

mango.jpg
ছবি: রবিউল হাসান

'এ বছর ৩৮ হাজার হেক্টর জমিতে প্রায় ৫৫ লাখ আম বাগান আছে। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৫ হাজার টন। গত বছর জেলায় ৩৪ হাজার ৮০০ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছিল ২ লখ ৬০ হাজার টন,' যোগ করেন তিনি।

শিবগঞ্জ উপজেলার নয়ালাভাংগা গ্রামের আম বাগান মালিক আহাদুজ্জামান জানান, শিলার কারণে আমের ক্ষতি হয়েছে। কিছু আম ঝরে গেছে। এ ছাড়া, যেসব আমে শিলার আঘাত লেগেছে সেগুলো পচে যাবে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটের মেহেরুল ইসলাম গণকা এলাকায় ৩৫টি আম বাগান লিজ নিয়েছেন।

তিনি বলেন, 'এবার শুরু থেকেই আবহাওয়া খারাপ যাচ্ছে। অনাবৃষ্টির কারণে আম ঝরে পড়ছিল। গতকাল রোববার সন্ধ্যায় শিলাবৃষ্টিতে আমের বেশ ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে সোমবার সকল থেকেই বাগান পরিচর্যা করছি।'

তবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, আমের ফলনের ওপর তেমন প্রভাব পড়বে না। শিলায় কিছুটা ক্ষতি হলেও  বৃষ্টি আমের উপকার করবে।