ক্রেতারা রমজানের আগে পণ্য মজুদ না করলে দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান শুরুর আগেই ক্রেতাদের মধ্যে পণ্য মজুদের একটা প্রবণতা থাকে, তারা বেশি করে পণ্য কিনে রাখে। তারা যদি এটি না করেন তাহলে বাজারে দাম বাড়ার কোনো কারণ নেই।'
আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণের আগে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
এর আগে সারাদেশে ১ কোটি পরিবারে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিতরণের অংশ হিসেবে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে টিসিবি পণ্য বিতরণের সূচনা করেন বাণিজ্যমন্ত্রী।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণে অনিয়ম হলে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশে পণ্যের যথেষ্ট মজুদ আছে। আন্তর্জাতিক বাজারে যেসব পণ্যের দাম বেড়েছে, এখানে তার প্রভাব আছে তারপরও ভ্যাট তুলে দেওয়ায় তেলের দাম এখন নিম্নমুখী।
তিনি বলেন সারা পৃথিবীতেই তেলের দাম বেড়েছে। আমাদের দেশে যা তেল লাগে তার ৯০ ভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। এমনি করে আমাদের চাল আমদানি করতে হয়, চিনি আমদানি করতে হয় ।
টিসিবির ক্ষমতা ছিল বড়জোর ৫-১০ লাখ লোকের কিন্তু সামনে রমজান মাস এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এক কোটি লোকের মাঝে টিসিবির পণ্য বিতরণের নির্দেশনা দিয়েছেন।
এসময় মন্ত্রী এই ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সংরক্ষণের কথা বলেন, যাতে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে এর মাধ্যমে পণ্য দেওয়া যায়।
মন্ত্রী বলেন, আমরা বাজারদর সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। বাম দলগুলো কী উদ্দেশ্যে কর্মসূচি নিয়েছে, সেটা আমার জানা নেই । বাজারদর নিয়ন্ত্রণে আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই। আন্তর্জাতিক বাজারের অবস্থাটাও তাদের ভেবে দেখা উচিত। আশপাশের দেশেও পণ্যের দাম বেড়েছে।
মন্ত্রী বলেন, 'আমার মনে হয়, বাম দলগুলো রাজনীতির জন্য রাজনীতি করছে। দেশের কথা চিন্তা করছে না।'
অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত উপস্থিত ছিলেন।