খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলার অবরোধ চলছে
পার্বত্য চট্টগ্রামের অন্যতম আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়িতে আধাবেলার সড়ক অবরোধ কর্মসূচি চলছে।
আজ সোমবার ভোর ৬টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা।
গত ১৫ মার্চ দীঘিনালায় সেনা হেফাজতে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলনকে হত্যার অভিযোগে ও মহালছড়িতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিট ও তার সহযোগী সংগঠনগুলো এই অবরোধ কর্মসূচির ডাক দেয়।
গতকাল রোববার ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই অবরোধ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। ২ দশকের সশস্ত্র লড়াই শেষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এ চুক্তি করে সরকারের সঙ্গে। মূলত এই চুক্তির বিরোধিতা করেই পিসিজেএসএসের ছাত্রসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের বড় একটি অংশ ১৯৯৮ সালের ডিসেম্বরে ইউপিডিএফ গড়ে তোলে।