খুব শিগগির নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে: কৃষিমন্ত্রী
খুব শিগগির নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
রোববার টাঙ্গাইলের মধুপুরে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
'দেশে সম্প্রতি নিত্য পণ্যের দাম কিছুটা বেড়েছে' উল্লেখ করে তিনি বলেন, 'করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হয়েছে। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব খাদ্যশস্যের দামের ওপর পড়েছে। তাই বিশ্বব্যাপী খাদ্য পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায়, দেশে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলস চেষ্টা করছে।'
মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, 'কয়েকদিন পরেই রোজা শুরু হচ্ছে। ঈদের আগে আমরা ভিজিএফ দেবো। ১০ টাকা কেজিতে চাল বিতরণ করব। পর্যায়ক্রমে ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন পণ্য দেওয়া হবে। এছাড়া, এপ্রিলের মাঝামাঝিতে নতুন ফসল আসবে। সব মিলিয়ে আমরা দাম নিয়ন্ত্রণ করতে পারব ও খুব শিগগির নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করি।'
মন্ত্রী বলেন, 'বিএনপিসহ কিছু রাজনৈতিক দল ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে, নিত্য পণ্যের সামান্য দাম বৃদ্ধিকে অতিরঞ্জিত করে দেশে অস্থিতিশীলতা তৈরির পায়তারা করছে। প্রতিবাদের নাম করে আন্দোলন-কর্মসূচি দিয়ে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে।'
'দ্রব্যমূল্য কিছুটা বাড়লেও দেশে খাদ্য দ্রব্যের কোনো হাহাকার নেই' উল্লেখ করে তিনি বলেন, 'এ অবস্থায় বিএনপি যদি মনে করে দ্রব্যমূল্য কিছুটা বৃদ্ধির জন্য দেশে আন্দোলন সংগ্রাম করবে, অস্থিতিশীলতা সৃষ্টি করবে, সেটি তারা কিছুতেই পারবে না। তাদের এ অপপ্রয়াস অতীতের মতো এবারও ব্যর্থতায় পরিণত হবে।'
কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সবসময়ই জনগণের দু:খ-কষ্টে পাশে ছিল, আছে ও ভবিষ্যতে থাকবে। আজকে ১ কোটি পরিবারকে কম মূল্যে নিত্য পণ্য দেওয়া হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।'