খুলনায় পাটকল আন্দোলনের ২ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শ্রমিকদের কয়েকজন দ্য ডেইলি স্টারকে বলেছেন, খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবিরকে পুলিশ খালিশপুর জুট মিলের গেট থেকে তুলে নিয়ে গেছে। সংগঠনের সভাপতি মনির হোসেনকেও পুলিশ তুলে নিয়ে গেছে।
তারা জানান, আগামীকাল শুক্রবার বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোর শ্রমিকদের বিক্ষোভ মিছিল কর্মসূচি আছে। এ কারণেই তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।
শ্রমিক নেতা নিয়াজ মুর্শিদ দোলন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খালিশপুর থানার পুলিশ সদস্যরা আলমগীর কবিরকে সন্ধ্যা ৭টার দিকে মিলের গেটের সামনে থেকে তুলে নিয়ে গেছে। আমরা বিষয়টা জানতে থানায় যাচ্ছি।'
অভিযোগের ব্যাপারে খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমি এখনো জানি না। আমি বাইরে আছি। থানায় ফিরে আপনাদেরকে জানাব।'
তিনি বলেন, 'জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে নিয়ে যেতে পারে। তুলে নেওয়ার প্রশ্ন আসবে কেন?'