খুলনার বস্তি এলাকায় ওয়াসার পানি সরবরাহের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনা মহানগরের বস্তি এলাকাগুলোতে চাহিদা অনুসারে ওয়াসা থেকে পর্যাপ্ত পানি সরবরাহের দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন নগরের প্রান্তিক বাসিন্দারা।

আজ সোমবার সকালে বেসরকারি সংগঠন শুভশক্তি, সুসমাজ এবং সিএসও নেটওয়ার্কের উদ্যোগে নগরের দৌলতপুর ট্রাফিক মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত এই মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে এসব প্রান্তিক মানুষদের পক্ষ থেকে বস্তি এলাগুলোতে পানি সরবরাহ নিশ্চিতের জন্য পর্যাপ্ত কমিউনিটি ট্যাপ স্থাপন, অচল টিউবওয়েলগুলোকে সচল করা, পানির এটিএম বুথ স্থাপন, সার্ভিস চার্জ সহনীয় রাখা এবং ওয়ার্ড পর্যায়ে পানি ব্যবস্থাপনা কমিটি তৈরিসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে উপস্থিত বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন, 'পানির কষ্ট কমাতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে খুলনা ওয়াসা। প্রকল্পের মাধ্যমে মধুমতি নদী থেকে পানি এনে তা পরিশোধন করে সরবরাহ করছে। কিন্তু বস্তি এলাকায় বসবাসরত নিম্ন আয়ের পরিবারগুলো ওয়াসার পানির সংযোগ থেকে বঞ্চিত।'

তিনি আরও বলেন, 'এর পাশাপশি নগরীর বিভিন্ন বস্তির গভীর নলকূপগুলোতে পর্যাপ্ত পানি উঠছে না। এতে বিপাকে পড়েছেন এখানকার বাসিন্দারা।'

মানববন্ধনে অংশ নেওয়া খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্নাও প্রান্তিক জনগোষ্ঠীর পানির চাহিদা পূরণে খুলনা ওয়াসাকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।