গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাট সীমান্তে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর কুঠিবাড়ী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১২ নম্বর সাব পিলারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের পদ্মা ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন।

এ সময় দুই দেশের পুলিশ উপস্থিত ছিল।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার সকালে ওই সীমান্ত থেকে ভারতীয় নাগরিক সিরাজুল হকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে বিজিবি।

পরে তা আদিতমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত ভারতীয় নাগরিক সিরাজুল হক ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার টুতিয়ারখুটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করার সময় রোববার ভোরে পদ্মা ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ হন ভারতীয় নাগরিক সিরাজুল।'

'বিএসএফ নিহতের নাম ও ঠিকানা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার বিকেলে মরদেহ গ্রহণ করে,' বলেন তিনি।