চট্টগ্রামের শিকলবাহা খাল থেকে আরও এক মরদেহ উদ্ধার
চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খাল থেকে আজ রোববার অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
নৌপুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি মোহাম্মদ মমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল সাড়ে ১১টার দিকে শিকলবাহা খালের কালারপুল সেতু এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।'
একই খালে পরপর দুদিনে ২টি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
এর আগে, গতকাল দুপুরে শিকলবাহা খালের বেল্লাপাড়া সেতুর কাছে কই গ্রাম এলাকায় জিনস প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিহিত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।