চট্টগ্রামে যুবদলের নেতাকর্মীর ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় যুবদলের নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মহানগর যুবদল।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নাসিমন ভবনে বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার কার্যালয়ে একটি সভা করে মহানগর যুবদল। সভা শেষে নেতাকর্মীরা কাজীর দেউড়ির রাস্তায় জড়ো হলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

যুবদল নেতাদের অভিযোগ, কোনো ধরনের প্ররোচনা ছাড়াই পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

274470659_534014264679047_4052768093056640152_n_1.jpg
কোনো ধরনের প্ররোচনা ছাড়াই পুলিশ এ হামলা চালিয়েছে বলে যুবদল অভিযোগ তুলেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোহেল ভাই (বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী সোহেল) সভা শেষে বিদায় নিচ্ছিলেন। এ সময় সেখানে আমাদের নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন।'

'তখন পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে,' যোগ করেন তিনি।

এ ঘটনায় যুবদলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান যুবদল সভাপতি মোশাররফ।

যোগাযোগ করা হলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা করেনি।'

তিনি বলেন, 'তারা রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেয়। তাই আমরা তাদের রাস্তা ছেড়ে যেতে বলেছিলাম।'

'পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেনি,' বলেন তিনি।

এর আগে জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সভায় বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অবৈধ মূল্যবৃদ্ধির জন্য সরকার ও ক্ষমতাসীন দলের ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন।

সোহেল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।