চাঁদাবাজির প্রতিবাদে দোকান বন্ধ রেখে চাক্তাইয়ের ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান ২ ঘণ্টা বন্ধ রেখে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। 

আজ বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তারা সড়কে নেমে বিক্ষোভ সমাবেশ করেন। 

বিক্ষোভকারীরা জানান, উত্তরবঙ্গ থেকে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাক চাক্তাইয়ে প্রবেশ করতে গেলে প্রতি ট্রাকের জন্য ৫০০ টাকা হারে চাঁদা দিতে হয় স্থানীয় কিছু চাঁদাবাজদের। সম্প্রতিকালে তাদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, ট্রাকের পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও চাঁদা দাবি করছেন। 

সমাবেশে বিক্ষোভকারীরা এসব চাঁদাবাজদের নামধারী ট্রাকশ্রমিক উল্লেখ করে অবিলম্বে তাদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানান।

চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আজম সাংবাদিকদের বলেন, রাজাখালিতে ট্রাকশ্রমিক নামধারী কিছু চাঁদাবাজ চাক্তাই প্রবেশের সময় পথে বসে প্রতি ট্রাক থেকে ৩০০ থেকে ৫০০ টাকা হারে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে পণ্যবাহী ট্রাক ঢুকতে দেয় না। তাদের কারণে আমাদের দেড় হাজারের মতো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা চরম অতিষ্ঠ হয়ে গেছেন।

তিনি জানান, চাঁদাবাজির প্রতিবাদে আমরা আজ ২ ঘণ্টা দোকান বন্ধ রেখেছি। প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি। অন্যথায় আমরা কঠোর বৃহত্তর আন্দোলনের ডাক দেব।

দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পাশেই এই চাক্তাইয়ের অবস্থান। চাক্তাই চট্টগ্রামের বড় পাইকারি চালের আড়ত। পাশাপাশি পাইকারি শুটকিসহ বেশ কিছু পণ্যের আড়তও রয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো রাজাখালি হয়েই চাক্তাই বাজারে প্রবেশ করতে গিয়েই চাঁদাবাজির শিকার হতে হয়।