জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত
সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।
করোনা মহামারির কারণে গত ২ বছর হাইকোর্ট–সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয়নি। এবার এখানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।
জাতীয় ঈদগাহ ও এর আশপাশের এলাকায় আজ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।
রাষ্ট্রপতি সাধারণত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেন। তবে বিশ্বের কয়েকটি দেশে মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের বৃদ্ধির কারণে গত ২ বছরের মতো এই কর্মসূচি বাতিল করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাত দিয়ে ইউএনবি জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
বঙ্গভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আদায় করবেন।
অপরদিকে, সকাল ৭টা থেকে ঈদের জামাত শুরু হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। একেক ঘণ্টার ব্যবধানে বেলা পৌনে ১১টা পর্যন্ত সেখানে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।