জাতীয় পতাকা, ফুলের মানচিত্রে বীর শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের মেরিনড্রাইভের ৩ কিলোমিটার সড়কজুড়ে জাতীয় পতাকা ও ফুল দিয়ে দেশের মানচিত্র তৈরি করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে কক্সবাজারের উখিয়ার যুবক সাইদুল ইসলাম।

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রেজু সেতু থেকে শুরু করে দক্ষিণে সোনারপাড়া- ইনানি পর্যন্ত ৩ কিলোমিটার জায়গায় ২৩০টি জাতীয় পতাকা উত্তোলন করেছেন তিনি।

পাশাপাশি রাজশাহী থেকে তাজা ফুল এনে তা দিয়ে ২০ ফুট উচ্চতা ও ১২ ফুট প্রস্থের একটি মানচিত্রও তৈরি করেছেন।

আজ শনিবার সকাল থেকে মেরিন ড্রাইভ সড়কে যাতায়াতকারী পর্যটক ও স্থানীয়রা ব্যতিক্রমধর্মী ওই আয়োজন দেখেন।

চট্টগ্রাম থেকে কক্সবাজারে ভ্রমণে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান মারুফ বলেন, 'সাইদুলের আয়োজনে আমি সত্যিই মুগ্ধ। দেশমাতৃকার প্রতি তার ভালোবাসার ব্যতিক্রমধর্মী আয়োজন নতুন প্রজন্মকে উদ্বুব্ধ করবে দেশকে জানতে এবং ভালবাসতে।'

সাইদুল ইসলাম (২৭) পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। ভিন্নধর্মী এই উদযাপনের প্রসঙ্গে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আমি এ আয়োজনের জন্য কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের সহযোগিতা নিইনি। একান্ত ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি করেছি। আমার আয়োজনের একটি মাত্র উদ্দেশ্য ছিল দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সেইসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।'