জার্মানি থেকে ১ লাখ চাদর কেনার কোনো পরিকল্পনা নেই: পুলিশ সদরদপ্তর
জার্মানি থেকে ১ লাখ চাদর কেনার কোনো পরিকল্পনা পুলিশ বাহিনীর নেই বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
আজ বৃহস্পতিবার পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আইজিপি পুলিশ বাহিনীর জন্য জার্মানি থেকে ১ লাখ চাদর কেনার লক্ষ্যে জার্মানি সফর করছেন মর্মে একটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে।
এ বিষয়ে প্রকৃত সত্য এই যে, পুলিশ বাহিনী জার্মানি থেকে বালিশের কাভারসহ বিছানা চাদর কিনছে না। তাছাড়া, জার্মানি বিছানা চাদর উৎপাদন ও রপ্তানিকারক কোনো দেশ নয়, তারা ভারী শিল্পের দেশ।
সঙ্গত কারণে আইজিপির চাদর, বালিশের কাভার কেনার জন্য জার্মানি গমনের কোনো অবকাশ নেই। তাছাড়া, গণক্রয় আইন অনুযায়ী, কোনো কর্মকর্তা ব্যক্তিগত সামগ্রীর মতো কোনো মার্কেট বা দেশ সফরে গিয়ে কোনো প্রকার সরকারি পণ্য ক্রয় কিংবা সংগ্রহ করতে পারেন না। এ ক্ষেত্রে নির্ধারিত সরকারি ক্রয় প্রক্রিয়া রয়েছে।
বাংলাদেশ পুলিশ সবসময়ই স্থানীয় দরপত্রের মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারীদের প্রস্তুতকৃত বিছানা চাদর, বালিশের কাভার কিনে থাকে। চলতি বছরেও অনুরূপভাবে বাংলাদেশ পুলিশ স্থানীয়ভাবে দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রস্তুতকৃত বিছানা চাদর, বালিশের কাভার সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রাথমিকভাবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি সরকারি আদেশে অসাবধানতাবশত সৃষ্ট ভাষাগত বিভ্রাট প্রসূত তথ্যগত বিভ্রান্তির কারণে সোশ্যাল মিডিয়ায় একটি অপপ্রচারকারী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি গুজব আকারে ছড়িয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছে।
এ বিজ্ঞপ্তির পর এ সংক্রান্ত সব বিভ্রান্তির নিরসন হবে বলে পুলিশ সদর দপ্তর প্রত্যাশা করে।