জেটিতে ফিরল ক্ষতিগ্রস্ত কনটেইনারবাহী জাহাজ, রক্ষা পেল ৮০০ কোটি টাকার পণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কুতুবদিয়া উপকূলের কাছে গত ১৪ এপ্রিল তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে আংশিক ক্ষতিগ্রস্ত ভিয়েতনামের পতাকাবাহী কনটেইনার জাহাজটিকে চট্টগ্রামের কর্ণফুলী ড্রাই ডক জেটিতে ফিরিয়ে আনা হয়েছে। ফলে জাহাজটিতে থাকা প্রায় ৮০০ কোটি টাকার রপ্তানি পণ্য নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) মেরিন ডিপার্টমেন্টের বিশেষ অভিযানে আজ বুধবার বিকেলে জাহাজটিকে নিরাপদে জেটিতে আনা হয়।

চবক সচিব মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেরিন ডিপার্টমেন্ট টাগ বোটের সহায়তায় ৫ ঘণ্টার এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

ওমর ফারুক বলেন, 'গত ২০ দিন ধরে জাহাজে আটকে থাকা রপ্তানি কন্টেইনারগুলো তারা এখন আনলোড করবেন এবং অন্য জাহাজের মাধ্যমে অবিলম্বে চালান দেওয়ার চেষ্টা করবেন।'

জাহাজ এমভি হাইয়ান সিটিতে ৭০৫ টিইইউ রপ্তানি পণ্যের কন্টেইনারসহ মোট ১১৫৬ টিইইউ কনটেইনার ছিল। ১৪ এপ্রিল সকালে এটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হওয়ার পর কুতুবদিয়ার কাছে তেলের ট্যাঙ্কার এমভি অরিয়ন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হলে উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।

তেলের ট্যাঙ্কারটি সেদিন বিকেলে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিতে পৌঁছাতে সক্ষম হয়।

তবে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ায় কন্টেইনারবাহী জাহাজটিকে সাগরে নোঙর করে রাখা হয়।

সেটিকে আজ ফিরিয়ে আনায় জাহাজে থাকা প্রায় ৮০০ কোটি টাকার পণ্য নিয়ে তৈরি অনিশ্চয়তা দূর হয়েছে। ঈদের ছুটিতেও জাহাজ উদ্ধারে এ অভিযান চালানোয় বন্দর কর্তৃপক্ষের প্রশংসা করেছেন রপ্তানিকারকরা।