টিএসসিতে কাওয়ালির আয়োজনে হামলায় আসকের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গতকাল কাওয়ালি গানের আয়োজনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের চিহ্নিত করে যথাযথ বাবস্থা গ্রহণের দাবি জানায় সংগঠনটি।
আজ বৃহস্পতিবার আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামালের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, কাওয়ালি ব্যান্ড 'সিলসিলা' এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত কাওয়ালি গানের আয়োজনে হামলা চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসির সঞ্জীব চত্বরে কাওয়ালি গানের আয়োজনে আয়োজকদের সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেইন ও তার অনুসারীরা। তার উপস্থিতিতে মঞ্চ ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আরও অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও শিল্পীদেরও মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। আয়োজকরা গণমাধ্যমকে জানিয়েছেন যে, অনুষ্ঠানের শুরু থেকেই ছাত্রলীগের পক্ষ থেকে তারা বাধাপ্রাপ্ত হয়ে আসছিল। যদিও সাদ্দাম হোসেইন অভিযোগ অস্বীকার করে এগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছেন।
আসকের বিবৃতিতে বলা হয়, কাওয়ালি এ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি সংগীত যার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। টিএসসির মতো একটি জায়গায় এ ধরনের আয়োজনে হামলা চালানোর ঘটনা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। আসক বিশ্বাস করে, এ হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যকীয়, অন্যথায় এমন বেপরোয়া আচরণ অব্যাহত থাকবে। আসক কর্তৃপক্ষের কাছে দ্রুততার সাথে এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হলো, তা জনসম্মুখে প্রকাশের দাবি জানায়।