টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণাসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের চত্বরে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকা আশাশুনি ও শ্যামনগর উপজেলার নারীরা সুপেয় পানির দাবিতে কলস নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ৬০ এর দশকের বাঁধের পরিকল্পনা বর্তমানে দক্ষিণ-পশ্চিম উপকুলের মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় ও উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে বার বার মানুষ তারা সহায়-সম্বল হারাচ্ছেন ও মানবেতর জীবনযাপন করছেন। এজন্য জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করতে হবে।
তারা আরও বলেন, সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণের ২টি মেগা প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু, এখনো সেই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়নি। জনস্বার্থে দ্রুত ওই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করতে হবে। উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জীবন-জীবিকা রক্ষায় সরকারের নেওয়া অন্যান্য প্রকল্পগুলো দ্রুত অনুমোদন দিতে হবে। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফগলন ত্বরান্বিত হচ্ছে ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বাড়ছে। ফলে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এজন্য বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে।
বক্তারা বলেন, উপকূলের মানুষের খাবার পানির তীব্র সংকট। খাবার পানির জন্য একজন নারীকে প্রতিদিন ৪-৫ কিলোমিটার পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এছাড়া পানির লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
মানববন্ধন ও সমাবেশে উপকূলের সার্বিক উন্নয়নে ২০২২-২০২৩ অর্থবছরে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। একইসঙ্গে উপকূলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় বিশেষ অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা। জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর ৫টি দাবি সম্বলিত স্মারকলিপি দেন।