ঠাকুরগাঁওয়ে টিকা নিতে গিয়ে পিটুনি খেল শিক্ষার্থীরা
করোনাভাইরাসের টিকা নিতে আসা শিক্ষার্থীদের লাঠিপেটার অভিযোগ উঠেছে টিকাকেন্দ্রে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় টিকা নিতে না পেরে বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে। কয়েকজন ধাওয়া খেয়ে ফিরেছে আহত হয়ে।
আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শিক্ষার্থীরা ঠাকুরগাঁও সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আসতে শুরু করে। এক সময় হাসপাতালে শিক্ষার্থীদের ভিড় উপচে পড়ার উপক্রম হয়।
টিকা দেওয়া শুরু হলে আগে টিকা নিতে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এক পর্যায়ে কেন্দ্রের স্বেচ্ছাসেবক তরুণেরা শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে। অনেকেই পাশের একটি নর্দমায় পড়ে আহত হয়।
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের টিকাদান কেন্দ্রের বাইরে উপচে পড়া ভিড়। ভেতরে দুই সারিতে শিক্ষার্থীরা দাঁড়িয়ে অপেক্ষা করছে। সুযোগ পেলেই বাইরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে ভেতরে প্রবেশ করছে। আর বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা লাঠিপেটা করছে। এ অবস্থায় অনেক শিক্ষর্থী টিকা না নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এভাবে বেলা ২টা পর্যন্ত চলেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুরু থেকে আমরা সারি করেই দাঁড়িয়ে ছিলাম। ভিড় বেড়ে যাওয়ায় বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নিয়ন্ত্রণের চেষ্টা না করেই টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকেরা তখন শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা শুরু করেন। এতে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী আহত হন।
আখানগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসানুল হক বলেন, একদিনে এক সঙ্গে এত শিক্ষার্থীকে টিকার আওতায় আনা ঠিক হয়নি। পরিকল্পনার ভুলের কারণে আজ এই ভোগান্তি।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নূর নেওয়াজ আহমেদ বলেন, বিশৃঙ্খলা হচ্ছে এটা ঠিক না। টিকা নিতে একদিনে বেশি শিক্ষার্থী চলে এসেছিল। টিকা গ্রহীতার সংখ্যা বেশি হওয়া ঠেলাঠেলি হয়েছে। এটা সামাল দিতে স্বেচ্ছাসেবকেরা হয়তো হাতে লাঠি নিয়েছিলেন। এটা শুনে সেখানে গিয়ে লাঠি সরিয়ে ফেলেছি।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, করোনার টিকা নিতে আসা শিক্ষার্থীদের লাঠিপেটা কোনোভাবেই কাম্য নয়। এটা কেন ঘটল তা খতিয়ে দেখব। সুশৃঙ্খলভাবে টিকা দিতে কেন্দ্র বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।