ঠাকুরগাঁওয়ে ধর্মঘট প্রত্যাহার, খুলেছে হোটেল-রেস্টুরেন্ট

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে ২ রেস্টুরেন্টকে জরিমানা করার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে এসব প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান জেলা হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি অতুল পাল ।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের সঙ্গে গতরাতে হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি, বেকারি মালিক সমিতি ও হোটেল শ্রমিক ইউনিয়নসহ চাইনিজ রেস্টুরেন্ট মালিকদের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

গত মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালতের একটি দল শহরের গাওসিয়া ও রোজ হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায় এবং এই ২ প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।

আদালতের নির্দেশে গাওসিয়া হোটেলের ম্যানেজার পলাশ চন্দ্র রায় ও রোজ হোটেলের ম্যানেজার রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এরই প্রতিবাদে হোটেল মালিক সমিতির ডাকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে সেইদিন সন্ধ্যা থেকে হোটেল-রেস্টুরেন্ট, বেকারিসহ সব খাবারের দোকান বন্ধ করে দেওয়া হয় ।

এতে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। বিশেষ করে জেলার বাইরে থেকে ব্যবসা-বাণিজ্য বা অন্য কোনো কাজে আসা মানুষেরা সীমাহীন দুর্ভোগে পড়েন।