ডব্লিউএইচওর রোড সেফটি রিপোর্টিংয়ে পুরস্কার পেলেন ডেইলি স্টারের তুহিন শুভ্র অধিকারী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) 'রোড সেফটি রিপোর্টিং কনটেস্ট-২০২১' এ দ্বিতীয় হয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।
গত বছরের ১২ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদন '৭ মাসে সড়কে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ' এর জন্য বাংলাদেশ থেকে দ্বিতীয় হয়েছেন তিনি। প্রতিবেদনটিতে তিনি মহাসড়কে ছোট যানবাহন চলাচল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে, এ বছর দেশে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার কথা তুলে ধরেন।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট (আইসিএফজে) এর এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিযোগিতায় প্রথম আলোর আনোয়ার হোসেন প্রথম এবং নিউ নেশনের জাকির হোসেন চৌধুরী তৃতীয় পুরস্কার অর্জন করেছেন।
'ডব্লিউএইচও রোড সেফটি রিপোর্টিং কনটেস্ট' ডব্লিউএইচও ও আইসিএফজে –এর একটি আয়োজনের অংশ, যা ১৫টি দেশের প্রধান সড়ক নিরাপত্তা বিষয়ক সংবাদ পরিবেশনের গুণমান ও পরিমাণ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। আয়োজনটি ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির আওতায় রয়েছে।
ডব্লিউএইচও এবং আইসিএফএজে এর বিচারকদের একটি প্যানেল ১০০টির মধ্যে থেকে যে ৬টি দেশে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি— বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ঘানা, ভারত ও উগান্ডা এর প্রতিটি থেকে ৩ জন বিজয়ী নির্বাচন করেছে।
প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রত্যেকে দেড় হাজার ডলার, দ্বিতীয় স্থান বিজয়ীরা ১ হাজার ডলার এবং তৃতীয় স্থান অধিকারীরা ৫০০ ডলার পুরস্কার পাবেন।