ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি চেয়ে সিপিবির অবস্থান কর্মসূচি
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সংঘর্ষের ঘটনায় রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা শাখার নেতাকর্মীরা।
আজ বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত 'মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই' লেখা প্ল্যাকার্ড নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আজ সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মামলাগুলোর আসামি সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, কমিউনিস্ট পার্টির উপজেলা নেতা জাহাঙ্গীর আলম মন্ডল, দক্ষিণ গিদারীর পার্টি সদস্য আনিছুর রহমান, উত্তর গিদারীর পার্টি সদস্য নবাব আলী, বাদশা মিয়া, রিপুল মিয়া এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তারা অভিযোগ করেন, কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার পরও তাদের নামে মিথ্যা মামলা গ্রহণ করেছে পুলিশ। অবিলম্বে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, হয়রানির উদ্দেশ্যে মামলাগুলো দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে কাউন্সিল বাজারের সংঘর্ষের ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন গিদারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ ইদু। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ওই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আতাউর রহমান।
এই বিষয়ে মিহির ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশের নানা অনিয়মের ইস্যুতে কথা বলার কারণে আমাদের নামে এই মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।'