ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পাচ্ছে ফারজানা
ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর জন্মগতভাবেই এক পা না থাকা শিক্ষার্থী ফারজানাকে হুইল চেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। তার পরিবারকেও দেওয়া হবে নগদ ২৫ হাজার টাকা।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজীরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ছে ফারজানা। গত ৭ মার্চ 'খুঁড়িয়ে চলা ফারজানার চোখে জীবন জয়ের স্বপ্ন' শিরোনামে সংবাদ প্রকাশ করে ডেইলি স্টার। সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম দ্য ডেইলি স্টারের সঙ্গে যোগাযোগ করে ফারজানার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তাকে হুইল চেয়ার দেওয়ার ঘোষণা দেন।
জেলা প্রশাসক মো. শাহগীর আলম দ্য ডেইলি স্টারকে জানান, জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শিশুটির জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন পরিচালিত 'ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশন'- এর পক্ষ থেকে তার পরিবারকে আপদকালীন নগদ ২৫ হাজার টাকা দেওয়া হবে। শিশুটি প্রতিবন্ধী হওয়ায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বাড়িতে এসব পৌঁছে দেবেন।
জেলা প্রশাসক আরও জানান, শিশুটির বয়স ৮ বছর। তার বাম পা আছে। বাড়ন্ত বয়সে শরীরের সঙ্গে এটিরও দৈর্ঘ্য বাড়বে। ফলে এই বয়সে কৃত্রিম পা প্রতিস্থাপন করা হলে কয়েক বছর পরে এটা অসামঞ্জস্য দেখাবে। তার বয়স ১৮ পার হলে কৃত্রিম পা প্রতিস্থাপন করা যেতে পারে। সেসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে যেন তাকে সহায়তা করা হয় সেই ব্যবস্থাও করা হবে।
ফারজানার বাবা গাজীরকান্দি গ্রামের বাছির মিয়া মারা গেছেন ৫ বছর আগে। বাবার মৃত্যুর পর মা বীনা বেগম মাছ ধরে এবং অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। ২ ভাই ও ২ বোনের মধ্যে ফারজানা তৃতীয়।
