ঢাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিমি, বৃষ্টি ৪৪ মিলিমিটার

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আজ বুধবার ভোর ৬টা ৪৬ মিনিটে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

এ ছাড়াও, রাজধানীতে আজ সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

kaal_baishaki_3_0.jpg
ছবি: রাশেদ সুমন/স্টার

তিনি বলেন, 'আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দুই-একটি জায়গায় ব্রজসহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।'

ঢাকার ওপর থেকে মেঘ দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিকে সরে গেলেও নতুন করে বজ্র ও শিলা মেঘ সৃষ্টি হচ্ছে। তাই জেলায় থেকে থেকে ঝড়-বৃষ্টি হতে পারে।

সকাল ৮টার দিকে বাতাসের গতিবেগ কমে গেলে ও বৃষ্টি থেমে গেলে রাস্তায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের ভিড় দেখা যায়। সেসময় গণপরিবহনের সংকটের পাশাপাশি নগরীর ব্যস্ততম এলাকাগুলোয় যানজট দেখা যায়।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে ভোররাত ২টা পর্যন্ত ও আজ ভোর ৪টা থেকে সকাল ৭টা সারাদেশে মাঝারি থেকে তীব্র কাল বৈশাখী ঝড় বয়ে গেছে।

kaal_baishaki_2.jpg
গতকাল মঙ্গলবার রাত থেকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের কারণে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোয় বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আধা পাকা বোরো ধান খেতে নুয়ে পড়ে। ২০ এপ্রিল সকাল সাড়ে ৯টা। ছবি: মোস্তফা সবুজ/স্টার

ভোররাত ৩টা থেকে ভোর ৪টায় পর্যন্ত সবচেয়ে প্রবল ঝড় বয়ে গেছে রংপুরে। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।

এরপর, নওগাঁয় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৫৬ কিলোমিটার।

এ ছাড়াও, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইলসহ দেশের অন্যান্য জেলাতেও কালবৈশাখী ঝড় বয়ে গেছে।