ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২ পাশেই ৩০ কিমি যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়কের উভয় পাশে ৩০ কিলোমিটারের যানজট দেখা গেছে। যান চলাচলের ধীরগতির কারণে ২০-৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে লেগে যাচ্ছে ৩ থেকে ৪ ঘণ্টা।
ভুক্তভোগী যাত্রী আহমেদ নিয়াজ পাভেল দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৭টায় শাসনগাছা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১২টায় ইলিয়টগঞ্জ পৌঁছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, রাতে চান্দিনা ও মাধাইয়া এলাকায় একাধিক ট্রাক লরির দুর্ঘটনায় মহাসড়কে এই অচলাবস্থার তৈরি হয়েছে। যানচলাচল ধীর তবে সচল রয়েছে। রাস্তার মেরামতের কারণেও গাড়ি চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে।
মাধাইয়া এলাকার স্থানীয় গাজী জলিল জানান, মূলত ভোররাতে সংঘটিত দুর্ঘটনার কারণে রাস্তার উভয় পাশ দিয়ে ঢাকা চট্টগ্রাম অভিমুখে গাড়ির চলাচলে এই যানজটের তৈরি হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ের ইনচার্জ এএফ এম সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত লরি ও যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। যানচলাচল খুব দ্রুত স্বাভাবিক হবে। তবে সড়কে বেশি পরিমাণ যানবাহনের চাপ রয়েছে।