দুদক কর্মকর্তা শরীফকে চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাগ্রত ছাত্রসমাজ ব্যানারে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে আয়োজক সংগঠনের কক্সবাজার শাখার সভাপতি ফজলে আজিম মোহাম্মদ ছিগাতুল্লাহ বলেন, কক্সবাজার, চট্টগ্রামের বড় রাঘব-বোয়ালদের বিরুদ্ধে দুর্নীতির মামলা তদন্ত করেছেন দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন। অবৈধভাবে রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়টিও তদন্তের মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। সৎ এই কর্মকর্তার পক্ষ না নিয়ে দুদক রাঘব-বোয়ালদের পক্ষ নিয়ে অন্যায়ভাবে তাকে চাকরিচ্যুত করেছে, যা এক ধরনের দুর্নীতি।

মানববন্ধনে শরীফকে অপসারণের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।

দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে গত বুধবার চাকরি থেকে অপসারণ করা হয়েছে। গত বছরের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ উদ্দিন দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। তাকে চট্টগ্রাম থেকে বদলি নিয়েও সে সময় প্রশ্ন উঠেছিল।

শরীফ তার মেয়াদকালে বিভিন্ন খাতে অনিয়মের খবর প্রকাশের জন্য আলোচিত হন। সে সময় তিনি ইসি কর্মকর্তা ও কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ওয়ার্ড কাউন্সিলর, ইয়াবা চোরাকারবারি, রোহিঙ্গা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে ১ ডজনেরও বেশি মামলা করেন।

কর্ণফুলীর দুর্নীতির মামলায় তিনি কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রকৌশল) সারোয়ার হোসেন এবং অন্যান্যদের সঙ্গে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ছেলে মুজিবুর রহমানকে অভিযুক্ত করেন।

দুদকের উপসহকারী পরিচালক শরীফ কক্সবাজারের তালিকাভুক্ত ইয়াবা চোরাকারবারি হাজী সাইফুল করিমের বিরুদ্ধে মামলাও করেন। সাইফুল ২০১৯ সালের ৩১ মে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।